দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি – ৭
৭
চালায় পৌঁছে ও ভেতরে দেওয়ালের গায়ে মাস্তুলটা ঠেকিয়ে রাখে। অন্ধকারে হাতড়ে হাতড়ে ও জলের বোতলটা খুঁজে নিয়ে এক ঢোক জল খায়। তারপর বিছানায় শুয়ে পড়ে। কাঁধ পর্যন্ত কম্বলটা টেনে নিয়ে পিঠ ও পা ভালো করে ঢেকে নিয়ে ও উপুড় হয়ে খবরের কাগজের বিছানায় ঘুমোয়, ওর হাত সোজা মাথার ওপরদিকে ছড়ানো, হাতের তেলো চিৎ করা।
সকালে যখন ছেলেটা দরজা দিয়ে উঁকি মারল, তখনও ও ঘুমোচ্ছে। বাতাস এখন এত জোরে বইছে যে, কোনো নৌকাই আজ আর সমুদ্রে যেতে পারবে না, তাই ছেলেটা একটু বেলা অব্দি ঘুমিয়েছে আর প্রতিদিন সকালে যেমন আসে, তেমনই আজও বুড়োর চালাঘরে এসেছে। ছেলেটা দেখল, বুড়োর শ্বাস পড়ছে। তারপরেই ও বুড়োর হাত দুটো দেখেই কাঁদতে আরম্ভ করল। ও কফিন আনবার জন্যে চুপচাপ ঘরে বেরিয়ে এল, আর সারা রাস্তা কাঁদতে কাঁদতে গেল।
ততক্ষণে অনেক মেছুড়ে নৌকাটা ঘিরে দাঁড়িয়ে নৌকার সাথে বাঁধা জিনিসটা দেখছে, আর একটা লোক প্যান্ট গুটিয়ে জলে নেমে একগাছা দড়ি দিয়ে কঙ্কালটার মাপ নিচ্ছে।
ছেলেটা নিচে গেল না। ও আগেই ওখানে গিয়ে সব দেখে এসেছে আর একজন মেছুড়েকে নৌকাটার ওপর নজর রাখতে বলে এসেছে।
একজন মেছুড়ে চেচাল, ‘ও কেমন আছে?’
‘ঘুমোচ্ছে,’- ছেলেটা জবাব দিল। ওরা যে দেখছে ও কাঁদছে, তাতে ওর কিছু যায় আসে না। ‘কেউ যেন ওকে বিরক্ত না করে।’
‘নাক থেকে লেজ পর্যন্ত আঠারো ফুট লম্বা,’- যে মেছুড়ে মাপ নিচ্ছিল, সে বলল।
‘তোমার কথা বিশ্বাস করেছি,’- ছেলেটা বলল।
ও চত্বরে গিয়ে এক পাত্র কফি চাইল। ‘কফিটা যেন বেশ গরম হয় আর বেশি করে দুধ আর চিনি দাও।’
‘আর কিছু?’
‘না। পরে দেখব, ও কিছু খেতে পারে কিনা।’
‘ওটা কি বিশাল মাছই না ছিল,’- দোকানের মালিক বলল, ‘এ রকম মাছ আর কখনো হয়নি।অবশ্য গতকাল তোমার ধরা মাছ দুটোও ভালোই ছিল।’
‘আমার মাছ চুলোয় যাক-’ ছেলেটা বলে উঠল আর আবার কাঁদতে শুরু করল।
‘তুমি কি কোনো রকম পানীয় নেবে?’- মালিক জিজ্ঞাসা করে।
‘না আমার কিছুই চাই না। সবাইকে বলে দাও, কেউ যেন সান্তি য়াগোকে বিরক্ত না করে। আমি আবার আসছি।’
‘ওকে বলো, আমি খুব দুঃখিত।’
‘ধন্যবাদ’,- ছেলেটা বলল।
গরম কফি ভরা পাত্রটা নিয়ে ছেলেটা বুড়োর চালায় পৌঁছে ওর পাশে চুপ করে বসে রইল, যতক্ষণ না জেগে ওঠে। একবার মনে হলো যেন এবার বুড়ো জাগবে। কিন্তু তারপরেই বুড়ো আবার গভীর ঘুমে তলিয়ে গেল। ছেলেটা বেরিয়ে রাস্তা পার হয়ে কিছু কাঠ ধার করে আনতে গেল কফিটা গরম করবার জন্য।
শেষ পর্যন্ত বুড়ো জেগে ওঠে।
ছেলেটা বলে, ‘উঠে বোসোনা। আগে এটা খাও।’ ও একটা গ্লসে কিছুটা কফি ঢেলে দিল।
বুড়ো কফিটা নিয়ে খেল।
‘ওরা আমায় হারিয়ে দিল, মানোলিন,’- ও বলল, ‘ওরা আমায় সত্যিই হারিয়ে দিল।’
‘ও তো তোমায় হারায়নি। ওই মাছটা!’
‘না, তা নয় সত্যি। এটা হল পরে।’
‘পেড্রিকো তোমার নৌকা আর সরঞ্জামগুলো পাহারা দিচ্ছে। তুমি মাথাটা নিয়ে কী করতে চাও?’
‘পেড্রিকো ওটা কেটে টুকরো টুকরো করে মাছ ধরার ফাঁদের জন্য কাজে লাগাতে পারে।
‘আর মুখের বর্শাটা?’
‘তুমি চাইলে ওটা রাখতে পার।’
‘হ্যাঁ, আমি ওটা নেব,’ ছেলে বলল, ‘এবার অন্যান্য ব্যাপারে আমাদের ছক করতে হবে।
‘ওরা কি আমাকে খুঁজছিল?’
‘নিশ্চয়ই। উপকূলরক্ষী বাহিনী দিয়ে, আর উড়োজাহাজ নিয়ে।’
‘সমুদ্র তো বিশাল আর তার মাঝে ছোট একটা ডিঙি নৌকা প্ৰায় চোখেই পড়ে না’, – বুড়ো বলল। ও লক্ষ্য করল, নিজের সঙ্গে অথবা সমুদ্রের সঙ্গে কথা বলার চাইতে অন্য কারো সাথে কথা বলাটা কী আনন্দময়।
‘আমি তোমার অভাব খুব অনুভব করেছি’,- বুড়ো বলল, ‘এখন বল, তুমি কেমন মাছ ধরলে।’
‘প্রথম দিন একটা, দ্বিতীয় দিনেও একটা, আর তৃতীয় দিনে দুটো।’
‘বাঃ, খুব ভালো।’
‘এখন তাহলে আমরা দুজনে মিলে মাছ ধরব।’
‘না, আমার ভাগ্য ভালো নয়। এখন আর আমার ভাগ্য মোটেই ভালো নয়।’
‘ভাগ্য চুলোয় যাক,’ ছেলেটা বলে। ‘আমার ভাগ্য নিয়ে আমি আসব।’
‘তোমার পরিবারের লোকেরা কী বলবে?’
‘আমি গ্রাহ্য করি না। কাল দুটো ধরেছিলাম। কিন্তু এখন থেকে আমি তোমার সাথেই মাছ ধরতে যাব, কারণ আমার এখনও অনেক কিছু শেখার আছে।’
‘আমাদের একটা ভালো দেখে মারাত্মক বল্লম জোগাড় করতে হবে আর ওটা সব সময়েই নৌকায় রাখা থাকবে। একটা পুরোনো ফোর্ড গাড়ির স্প্রিং দিয়ে তুমি ওটার ফলাটা বানাতে পার। গুয়ানা বাকোয়াতে গিয়ে আমরা ওটা শান দিয়ে নিয়ে আসব। ওটা খুব ধারালো, তীক্ষ্ণ হতে হবে। কিন্তু আগুনে পোড়ানো বা পান দেওয়া চলবে না, তাহলে ভেঙে যাবে। আমার ছুরিটা ভেঙে গিয়েছে।’
‘আমি আরেকটা ছুরি জোগাড় করব, আর স্প্রিংটা ভালো করে শান দিয়ে নেব। ভারী বাতাসের আর কতদিন আছে?’
‘বোধহয় তিনদিন। বেশিও হতে পারে।’
‘আমি সব কিছু ঠিকঠাক করে রাখব’,- ছেলেটা বলল, ‘বুড়ো, তোমার হাত দুটো তাড়াতাড়ি সারিয়ে নাও।’
‘কী করে হাতের যত্ন নিতে হয়, আমি জানি। রাত্তিরে আমি থুতু ফেলেছিলাম, কী বিশ্রী ধরনের আর মনে হয়েছিল আমার বুকের ভেতর কিছু ভেঙে গেছে।’
‘ও সব কিছুও সারিয়ে তোলো,’- ছেলেটা বলল, ‘শুয়ে থাক, বুড়ো, আমি তোমার একটা পরিষ্কার জামা নিয়ে আসি আর কিছু খাবার-ও।’
‘আমি যে কদিন ছিলাম না, সেই কদিনের কোনো খবরের কাগজ পেলেও নিয়ে আসবে,’ -বুড়ো বলল।
‘তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ, কারণ আমার অনেক কিছুই শিখতে হবে, আর তুমি আমাকে সব শেখাবে। তুমি খুব কষ্ট পেয়েছ, না?’
‘খুব,’- বুড়ো বলল।
‘আমি তোমার খাবার আর কাগজ নিয়ে আসি’,- ছেলেটা বলল, ‘ভালো করে বিশ্রাম নাও বুড়ো। আমি ওষুধের দোকান থেকে তোমার হাতের জন্য ওষুধও নিয়ে আসব।’
‘পেড্রিকোকে বলতে ভুলো না যে, মাছের মাথাটা ওর।’
‘ঠিক আছে, মনে থাকবে।’
যখন ছেলেটা বাইরে বেরিয়ে প্রবাল পাথরের ক্ষয়ে যাওয়া রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, তখন ও আবার কাঁদতে শুরু করেছে।
সেদিন বিকেলে চত্বরে একদল পর্যটক এসেছে আর সমুদ্রের জলে যেখানে খালি বিয়ারের কৌটো আর মরা ব্যারাকুডা মাছগুলো ভাসছে, সেদিকে তাকিয়ে ওদের দলের এক মহিলা দেখতে পেল একটা বিশাল লম্বা সাদা মেরুদণ্ড আর তার শেষপ্রান্তে একটা বিশাল লেজ জোয়ারের ঢেউয়ে উঠছে, নামছে, দুলছে আর জাহাজঘাটায় ঢোকার মুখে বাইরের দিকে পুব হাওয়ায় সমুদ্র ফুলে ফুলে উঠছে।
‘ওটা কী?- মহিলা একজন পরিচারককে জিজ্ঞাসা করল, আর আঙুল দিয়ে ওই অসাধারণ মাছটার বিশাল লম্বা মেরুদণ্ডের হাড়টা দেখাল, ওটা এখন ভাটার টানে বার সমুদ্রে ভেসে যাবার অপেক্ষায় একটা জঞ্জালমাত্র।
পরিচারকটি বলল, ‘তিবুরন’, ‘এশার্ক’- ঘটনাটা বলতে চাইছিল।
‘হাঙরের এত সুদর্শন সুগঠিত সুন্দর লেজ হয় জানতাম না তো?’
‘আমিও না’- মহিলা সঙ্গীটি বলল।
রাস্তার ওপরদিকে ওর চালাঘরে বুড়ো আবার ঘুমিয়ে পড়েছে। এখনও ও উপুড় হয়েই ঘুমোচ্ছে আর ছেলেটা ওর পাশে বসে ওর দিকে লক্ষ্য রাখছে।বুড়ো এখন সিংহদের স্বপ্ন দেখছে।
***
যেসব স্প্যানিশ শব্দ বাংলায় অনূদিত হয়েছে, তার সূচি নিচে দেওয়া হলো :
| স্প্যানিশ শব্দ | উচ্চারণ | বাংলা ভাবার্থ |
| Salao | সালাও | অপয়া |
| Santiago | সান্তিয়াগো | ব্যক্তির নাম |
| Rogelio | রোহেলিও | ব্যক্তির নাম |
| Guano | গুয়ানো | তালজাতীয় গাছের বীজের শক্ত ঢাকনা বা ঢোকনা |
| Perico | পেরিকো | ব্যক্তির নাম |
| Bodega | বোদেগা | শুঁড়িখানা |
| Di maggio | দি মাজ্জিও | ব্যক্তির নাম |
| Jota | হোতা | উচ্চারণ |
| Que Va | কে ভা | কী ব্যাপার |
| Luque | লুকে | ব্যক্তির নাম |
| Durocher | দুরোচের | ব্যক্তির নাম |
| Mike Ganzalez | মাইক গনসালেস | ব্যক্তির নাম |
| Manolin | মানোলিন | ব্যক্তির নাম |
| La Mar | লা মার | সমুদ্র (স্ত্রী লিঙ্গ) |
| El Mar | এল মার | সমুদ্র (পুং লিঙ্গ) |
| Agua Mala | আগুয়ামালা | খারাপ জল |
| Albacore | আলবাকোরে | ছুরি মাছ |
| Catalan | কাতালান | কাতালুনিয়া রাজ্যের তৈরি তাই কাতালান (সুতো) |
| Cordel | কর্দেল | সূক্ষ্ম সুতো |
| Bonito | বনিতো | এক ধরনের মাছ |
| Tunga | তুঙ্গা | এক ধরনের মাছ |
| Brisa | ব্রিসা | বাতাস |
| Calambre | কালামব্রে | মাংসপেশির টান |
| Virgin De Cobre | ভার্জিন দে কোব্রে | কোব্রের কুমারী মাতা |
| Gran Ligas | গ্রান লিগা | বড় লিগের খেলা |
| Juegos | হোয়েগোজ | খেলা |
| Un espuela de hueso | উন এসপোয়েলা দে ওয়েসো | হাড়ের বৃদ্ধি |
| Cienfuegos | সিয়েন ফুয়েগোস | জায়গার নাম |
| El Campeon | এল ক্যাম্পিয়ন | সেরা প্রতিযোগী (চ্যাম্পিয়ন) |
| Sargasso | সারগাসো | জলজ উদ্ভিদ |
| Dorado | দোরাদো | সোনালি |
| Dentuso | দেন্তুসো | দাঁতওয়ালা |
| San Pedro | সান পেদ্রো | জায়গার নাম |
| Galanos | গালানোস | বহুরূপী বা বহু রঙের সমন্বয়ে সুন্দর (বহুবচন) |
| Galano | গালানো | ঐ (এক বচন) |
| Tuna | তুনা | এক ধরনের মাছ |
