জল
১
কৌমুদী প্লাবিত কুসুম কাননে,
ধীর বিকম্পিত সুরভি পবনে।
হরিত ভূষিত সরসী আসনে,
অমল বিমল তরল জল॥
২
উরসে ভাসিত রবিকর জ্বালা,
ফেন পুঞ্জময় বীচিরঙ্গশালা।
আলোড়িত ঘোর তরঙ্গের মালা,
ধবল উজ্জ্বল চঞ্চল জল॥
৩
নব পল্লবিত তরুশাখা পরে,
কুসুমের দাম শোভে থরে থরে।
ফুলদল অঙ্গে সমীরণ ভরে,
অধীর নিশির শিশির জল॥
৪
গভীর গরজে নভ নিনাদিত,
বিজলী আলোকে দিক উদ্ভাসিত।
প্রাবৃট আকাশে মেঘ বিগলিত,
সুখদ সুহৃদ বারিদ জল॥
৫
তনু বিদহিত খর রবিকরে,
প্রখর উত্তাপে ঘন শ্বাস সরে।
তৃষিত মানব জীবনের তরে,
বিমল কোমল শীতল জল॥
৬
গভীর বিষাদে হৃদয় পুরিত,
শোক দুঃখ ভরে মানস দহিত।
তাপিত মানব হৃদি বিগলিত,
পাষাণ গলন নয়ন জল॥
৭
মোহন মূরতি জগৎ ভূষণ,
তরল ধবল হীরক বরণ।
সুন্দর তোমার রূপ অগণন,
সৃজন ললাম শোভন জল॥
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
